সিলেটে ডেন্টাল ট্যুরিজম হাব গড়ার উদ্যোগ

সিলেটে ডেন্টাল ট্যুরিজম হাব গড়ার উদ্যোগ - Surma Times | Sylhet News

সিলেটে ডেন্টাল ট্যুরিজম হাব গড়ার উদ্যোগ - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ আগস্ট: সিলেটে আন্তর্জাতিক মানের ‘ডেন্টাল ট্যুরিজম হাব’ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, ইউরোপ ও উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সিলেটের বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন। তাঁদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সিলেটের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে এই হাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৫ আগস্ট) নবনির্মিত অত্যাধুনিক সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ ও জেনারেল হাসপাতালের ডেন্টাল বহির্বিভাগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সিলেটের অনেক প্রবাসী দাঁতের চিকিৎসার জন্য দেশে এসে ঢাকা বা অন্যান্য শহরে যান। তাঁদের জন্য সিলেটেই উন্নত ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবার সুযোগ তৈরি করা প্রয়োজন। এতে প্রবাসীরা সহজে চিকিৎসা নিতে পারবেন এবং একই সঙ্গে সিলেটের পর্যটন খাতও উপকৃত হবে।

তিনি বলেন, ডেন্টাল ট্যুরিজম হাব বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চিকিৎসাসেবার মান, অবকাঠামো ও ব্যবস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করা গেলে সিলেটকে এ খাতে একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সেন্ট্রাল ডেন্টাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ ওয়াহিদ, কলেজের ফিন্যান্স ডিরেক্টর ও ওয়েসিস হাসপাতালের চেয়ারম্যান ডা. সুলাইমান আহমেদ এবং কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মুমিনুল হক।

বক্তারা জানান, সেন্ট্রাল ডেন্টাল কলেজের নতুন বহির্বিভাগ অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তিতে সজ্জিত। এর মাধ্যমে প্রবাসীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও বিশ্বমানের দাঁতের চিকিৎসাসেবা পাবেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন বহির্বিভাগ চালুর মাধ্যমে সিলেটের চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে এবং স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের মধ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article