সিলেটে পাঁচ বছরে সোয়া কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা, বৃক্ষমেলার উদ্বোধন

সিলেটে পাঁচ বছরে সোয়া কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা, বৃক্ষমেলার উদ্বোধন - Surma Times | Sylhet News

সিলেটে পাঁচ বছরে সোয়া কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা, বৃক্ষমেলার উদ্বোধন - Surma Times | Sylhet Newsসিলেট, ১৫ আগস্ট: পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকারের পাঁচ বছর মেয়াদি পরিকল্পনার আওতায় সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে সিলেটে আগামী পাঁচ বছরে অন্তত এক কোটি ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও বেশি গাছ লাগানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, মানুষের শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই-অক্সাইড ত্যাগ করে, অন্যদিকে গাছ কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে অক্সিজেন ছাড়ে। সৃষ্টির এই ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন তিনি। যেসব এলাকায় বিভিন্ন কারণে বনায়ন ও বৃক্ষরোপণ যথাযথভাবে হয় না, সেসব এলাকায় পরিবেশদূষণ ও ভারসাম্যহীনতা দেখা দেয় বলেও উল্লেখ করেন তিনি। তাই পরিবেশ রক্ষায় পরিকল্পিতভাবে বেশি বেশি বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

সিলেটের বৃক্ষরোপণ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জেলার বিভিন্ন খাল ও জলাশয়ের দুই পাশে গাছ লাগানো হবে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গেও যুক্ত করা হবে বৃক্ষরোপণকে। তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ১৭ কিলোমিটার সুরমা নদীর পাড়ের দুই পাশে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, যেখানেও লাগানো হবে বিপুলসংখ্যক গাছ। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ২৫ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, সিটি কর্পোরেশন তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি গাছ লাগাবে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম, বিভাগীয় বন কর্মকর্তা আবদুর রহমান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জাতীয় পর্যায়ের বৃহৎ এই বৃক্ষরোপণ পরিকল্পনার আওতায় সিলেটের নদী ও জলাশয়পাড়সহ বিভিন্ন এলাকা সবুজে ঢেকে দেওয়ার এই উদ্যোগ শুধু পরিবেশগত ভারসাম্য রক্ষাই নয়, বরং আগামী দিনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article