সিলেট, ১৫ আগস্ট: সিলেট বিভাগে হাম পরিস্থিতির উদ্বেগ কাটছে না। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের শুরু থেকে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৬ জনে।
শনিবার (১৫ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে মারা যাওয়া দুই শিশুর একজনের বয়স পাঁচ মাস। সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শিশুটির বাড়ি টুকেরবাজার এলাকায়। অপর শিশুটির বয়স ১১ মাস। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বাড়ি জকিগঞ্জের ওয়াসার এলাকায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৩ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে আটজন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২৮৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ জন।
এ ছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন এবং নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন রয়েছেন। বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালেও আরও রোগী ভর্তি রয়েছেন।
জেলায় জেলায় আক্রান্ত
স্বাস্থ্য বিভাগের জেলা ভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সিলেটে ৩০৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হবিগঞ্জে ১৪৮, মৌলভীবাজারে ১৪৬ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
প্রতিবেদনে হবিগঞ্জের দুই রোগীর রুবেলা আক্রান্ত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে।
মৃত্যুর পরিসংখ্যান
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, সিলেটে সন্দেহজনক হাম রোগে এ পর্যন্ত ৪৬ জন এবং নিশ্চিত হাম রোগে চারজনের মৃত্যু হয়েছে। হবিগঞ্জে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১৭ জন। সেখানে নিশ্চিত হাম রোগে মৃত্যুর কোনো তথ্য নেই।
মৌলভীবাজারে সন্দেহজনক হাম রোগে ১২ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে সন্দেহজনক হাম রোগে ৫৪ জন এবং নিশ্চিত হাম রোগে একজন মারা গেছেন।
১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগে মোট ১৩৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে মারা গেছেন ১২৯ জন এবং নিশ্চিত হাম রোগে ছয়জন।
হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। Mason.





