সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন বলেছেন, উশু কেবল আত্মরক্ষামূলক খেলা নয়, তরুণ সমাজকে শারীরিক ও মানসিকভাবে সুগঠিত এবং সুশৃঙ্খল করতে এ খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের খেলাধুলায় আকৃষ্ট করা ও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরিতে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে।
শুক্রবার, ৭ আগস্ট, সিলেট জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে চাইনিজ উশু ফাইটার স্কুল সিলেটের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত সিলেট উশু ক্যাম্পিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অন্যান্য ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রমেও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
নূর হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন ও আত্মরক্ষার কৌশল শেখাতে উশু প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। নিয়মিত অনুশীলনের মাধ্যমে সিলেটের উদীয়মান খেলোয়াড়রা একদিন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ উশু ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য, চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক এবং আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগের অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সাবেক ক্রীড়াবিদ ও ফুটবল কোচ মো. মহসীন আলী, চাইনিজ উশু ফাইটার স্কুলের সদস্য তানভীর আহমদ, ব্ল্যাক বেল্টধারী আব্দুর রউফ, ব্যাডমিন্টন কোচ মোজাহিদুল ইসলাম, সিলেট জেলার কারাতে কোচ এম এ এ মাসুদ রানা, হবিগঞ্জের কারাতে কোচ ও বিচারক ফররুখ আহমেদ খান, চাইনিজ উশু ফাইটার স্কুলের ব্ল্যাক বেল্ট হোল্ডার এবং জাতীয় জাজ ও কোচ কাইফ আহমদ রুবেল, আলমগীর হুসাইন, জাকারিয়া আহমদ, সিনিয়র উশু খেলোয়াড় মাছুম, উশু কর্মকর্তা জাহিদ আহমদ রুবেল, উশু স্কুলের অভিভাবক মো. জাকির আহমদ এবং উত্তম কুমার তালুকদার।
অনুষ্ঠানে জাতীয় উশু কোচ ও বিচারক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে উশুর বিভিন্ন কৌশল ও আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শন করা হয়।





