নিসচা বিশেষ সম্মাননা ২০২৬ পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল

নিসচা বিশেষ সম্মাননা ২০২৬ পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল - Surma Times | Sylhet News

নিসচা বিশেষ সম্মাননা ২০২৬ পেলেন লায়ন মোঃ গনি মিয়া বাবুল - Surma Times | Sylhet Newsঢাকা, ৯ আগস্ট: নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’ এ ভূষিত হয়েছেন।

৭ আগস্ট শুক্রবার ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই সম্মাননা ক্রেস্ট ও সনদ তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের সভাপতিত্বে ও মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রতিনিধি, আজীবন সদস্য, উপদেষ্টামণ্ডলী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। তিনি গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে গাজীপুর জেলা শাখার উপদেষ্টা। কেন্দ্রীয় কমিটিতে তিনি ২০০৬-০৮ মেয়াদে নির্বাহী সদস্য, ২০০৮-১২ প্রচার সম্পাদক, ২০১২-১৯ যুগ্ম মহাসচিব, ২০১৯-২১ এক নম্বর নির্বাহী সদস্য এবং ২০২২-২৩ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬-২৭ কার্যমেয়াদে অষ্টমবারের মতো যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করছেন। সড়ক দুর্ঘটনা নিরসন ও নিরাপদ সড়ক বিষয়ে গণসচেতনতা তৈরিতে বিভিন্ন সভা-সেমিনারে বক্তৃতা এবং গণমাধ্যমে কলাম লেখার মাধ্যমে তিনি অবদান রাখছেন।

নিসছা ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে কাজ করে আসছেন। কাজের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোনস ফেলো (এমজেএফ) উপাধিসহ দুই শতাধিক সম্মাননা পেয়েছেন। পেশায় শিক্ষক হলেও তিনি গণমাধ্যমে নিয়মিত কলাম, প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখেন। দেশের সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গনে এবং গণমাধ্যমে তাঁর সুনাম রয়েছে।

তিনি ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন ও আয়েশা খাতুনের সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন। নিজ এলাকায় মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র ও পাঠাগারসহ জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। পিতার নামে প্রতিষ্ঠিত ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে অসহায় মানুষকে সহায়তাসহ নানা জনহিতকর কাজ করছেন।

১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত তিনি। গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা এবং গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য। জাতীয় সাংবাদিক সংস্থার সঙ্গে ১৯৯৩ সাল থেকে সক্রিয়ভাবে যুক্ত থেকে কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, কার্যকরী সভাপতি ও স্থায়ী পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। নিরাপদ নিউজের যুগ্ম সম্পাদক এবং বাংলাদেশ সংবাদের সম্পাদক ও প্রকাশক তিনি। কবি সংসদ বাংলাদেশের সঙ্গে প্রায় ২৬ বছর কাজ করে কেন্দ্রীয় সভাপতি ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টাও ছিলেন।

এ সম্মাননায় ভূষিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article