সিলেটের ওসমানীনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাউলশিল্পী পেহেলী ভৈরবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। শুক্রবার এক শোকবার্তায় সংগঠনের সভাপতি রেজওয়ান রাজ ও সাধারণ সম্পাদক শাওন কর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পেহেলী ভৈরবীসহ ৯ জন নিহত হন। পেহেলী ভৈরবী আগের রাতে সিলেটের একটি সংগীতানুষ্ঠানে গান পরিবেশন শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
শোকবার্তায় সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, পেহেলী ভৈরবীর আকস্মিক মৃত্যু সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার পরিবার, সহশিল্পী ও ভক্তদের এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন তারা।
এদিকে কিংবদন্তি সংগীতশিল্পী হাসানের ওপর হামলার ঘটনায়ও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। সংগঠনের সভাপতি রেজওয়ান রাজ ও সাধারণ সম্পাদক শাওন কর এক যৌথ বিবৃতিতে বলেন, গত ৫ আগস্ট রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে গান পরিবেশনের সময় দর্শকসারি থেকে ছুড়ে মারা একটি পানির বোতল হাসানের মুখে এসে লাগে।
হামলার পরও হাসান বিচলিত না হয়ে তার পরিবেশনা চালিয়ে যান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সংগঠনের নেতারা বলেন, একজন শিল্পীর সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।





