বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত - Surma Times | Sylhet News
বিজিবির গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত - Surma Times | Sylhet News
ছবিঃ এ আই

জৈন্তাপুর, ৩১ জুলাই: সিলেটের জৈন্তাপুর উপজেলায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৪৮-বিজিবির একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাসিন্দা। তিনি বিকন ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন।

জানা যায়, সাদ্দাম হোসেন জৈন্তাপুর উপজেলার একটি এটিএম বুথে কোম্পানির টাকা জমা দিয়ে মোটরসাইকেলযোগে নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকা দরবস্তের উদ্দেশ্যে রওনা হন। এ সময় সিলেটের আখালিয়া থেকে ৪৮-বিজিবির একটি টিম নিয়মিত সীমান্ত টহল ও দায়িত্ব পালনের অংশ হিসেবে তামাবিলের দিকে যাচ্ছিল। পথে ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের সারিঘাট এলাকার সরুফৌদ পাথরঘাটা মসজিদসংলগ্ন স্থানে বিজিবির গাড়ি ও সাদ্দাম হোসেনের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। বিজিবির গাড়ির নিবন্ধন নম্বর ছিল সিলেট হ-১১-০০৩২ এবং মোটরসাইকেলের নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-হ-৭৫-০১৯৮।

সিলেট তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article