চট্টগ্রাম, ১৮ জুলাই: বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।
শনিবার (১৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়ন, সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন এবং কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মাওলানা দিলাওয়ার বলেন, পানি নামলেও দুর্ভোগ কমেনি। ঘরবাড়ি, রাস্তাঘাট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি সংস্কার ও পুনর্বাসন কার্যক্রম জরুরি। সরকারি-বেসরকারি সহায়তা বৃদ্ধি প্রয়োজন।
তিনি আরও বলেন, বন্যার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মহান আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। একজন মুমিনের ঈমানের সৌন্দর্য প্রকাশ পায় বিপদগ্রস্ত মানুষের কষ্ট ভাগ করে নেওয়ার মাধ্যমে।
তরুণ সমাজসেবক আবু বকর সিদ্দিকের ব্যবস্থাপনায় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ সোলাইমান, মাওলানা আনসার উল্লাহ, মো. আব্দুল মান্নান, মাওলানা আমিনুল ইসলাম মুকুল, হামিদুল আযম ও আব্দুল মামুন প্রমুখ।
মাওলানা দিলাওয়ার বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্য অনুযায়ী দান, সহযোগিতা ও দোয়ার আহ্বান জানান।





