
সিলেট, ১৮ জুলাই: সিলেটে নতুন আরেকটি পৌরসভা যুক্ত হতে যাচ্ছে। স্থানীয় সরকারের কার্যক্রম সম্প্রসারণ এবং নাগরিক সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে জৈন্তাপুর উপজেলার নির্ধারিত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ মঙ্গলবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে, যেখানে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার তফসিলভুক্ত পল্লী এলাকাগুলোকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা থেকে গত ৯ জুলাই এসআরও নং ২৮১-আইন/২০২৬ জারি করা হয়। পরে ১৪ জুলাই প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. আশফিকুন নাহার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোকে শহর এলাকা হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এতে আরও বলা হয়, একই আইনের ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে এ প্রস্তাবের বিরুদ্ধে সরকারের কাছে লিখিত আপত্তি দাখিল করতে পারবে।
এছাড়া স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৪) অনুযায়ী কোনো আপত্তি উত্থাপিত হলে সরকার তা তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।
নতুন পৌরসভা গঠনের উদ্যোগ বাস্তবায়িত হলে জৈন্তাপুরের সংশ্লিষ্ট এলাকাগুলোতে পরিকল্পিত নগরায়ণ, উন্নত অবকাঠামো নির্মাণ এবং আধুনিক পৌরসেবা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন স্থানীয়রা। একই সঙ্গে নাগরিক সেবার পরিধি বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।





