ময়মনসিংহ, ১৫ জুলাই: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নৌকায় ঘুরতে নিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মোস্তফা (৩৯) নামের এক মাছ বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাকে আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা প্রতিবেশীর বাড়িতে কাজে গেলে ওই সুযোগে মোস্তফা শিশুটিকে নরসুন্দা নদীতে নৌকায় ঘুরতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়ি ফিরে আসলে তার মা বিষয়টি জানতে পারেন।
প্রথমে লোকলজ্জার ভয়ে ঘটনাটি গোপন রাখা হলেও সন্ধ্যার দিকে শিশুটির শারীরিক অবস্থা অবনতি হলে বিষয়টি জানাজানি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় সোমবার শিশুটির বাবা নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সহায়তায় পুলিশ অভিযুক্তকে আটক করে।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকরাম উল্লাহ জানান, শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নান্দাইল মডেল থানার পরিদর্শক মোজাহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।





