সিলেট, ১৪ জুলাই: র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে হবিগঞ্জের মাধবপুর ও মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ জানায়, সোমবার দুপুর সাড়ে ১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হবিগঞ্জের মাধবপুর পৌরসভা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওজনে কারচুপি ও অন্যান্য অনিয়মের দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৪৬ ধারায় প্রথাফুড কোম্পানির মালিক হরিপালকে ২৫ হাজার টাকা, অন্তর স্টোরের মালিক রায়হানকে ১০ হাজার টাকা এবং পূজা কসমেটিক্সের মালিক গোবিন্দকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ ৪৫ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মা ভ্যারাইটিজ স্টোরের মালিক বিধান দে’কে ৫ হাজার টাকা এবং সুমাইয়া ভ্যারাইটিজ স্টোরের মালিক আহাদ আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, ভোরে পরিচালিত আরেকটি অভিযানে র্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় এলাকায় একটি পিকআপ তল্লাশি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত এই মাদকদ্রব্যসহ একটি হলুদ রঙের পিকআপ জব্দ করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
র্যাব জানায়, উদ্ধারকৃত আলামত জিডি মূলে কসবা থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব-৯।





