ব্রাহ্মণবাড়িয়া, ১০ জুলাই ২০২৬: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় র্যাব-৯ এর অভিযানে ১১.৯ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর মডেল থানাধীন নাটাই দক্ষিণ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাটাই দক্ষিণ এলাকার একটি পাকা সড়কের উপর কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে নীল রঙের পলিথিনের উপর খাকী রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ১১.৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বর্না ওরফে সুবর্ণা (৩১), স্বামী সাগর মিয়া এবং সুমেনা আক্তার (৪০), স্বামী কাজল মিয়া, উভয়েই চিনাইর এলাকার বাসিন্দা, সদর, ব্রাহ্মণবাড়িয়া, কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পরের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে মজুদ রেখেছিল।
আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে বলে সংস্থাটি উল্লেখ করেছে।





