সিলেট, ৮ জুলাই: ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের হয়রানি বন্ধ এবং সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটি।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ওসমানী বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের লাগেজ নিয়ে কাস্টমস কর্মকর্তাদের অশালীন আচরণ অত্যন্ত দুঃখজনক। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
নেতৃবৃন্দ গোলাপগঞ্জ থানায় প্রবাসী হেল্প ডেস্ক চালু করায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানান।
বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া বলেন, প্রবাসীদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।তারা আরও বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাই তাদের সেবা ও সুরক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।




