সিলেট, ৭ জুলাই: সিলেটে এক মাদ্রাসার আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বাদেয়ালী গুচ্ছগ্রামের ‘জামেয়া ইসলামীয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।
মাদ্রাসার ১৫ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গত ৫ জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা দায়েরের পর আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি করেছেন ওই ছাত্রের বাবা। মামলার নং ৩/১১৮।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন সকালে শরীর ম্যাসেজ করানোর বাহানায় হাফিজি শাখার ওই আবাসিক ছাত্রকে নিজের রুমে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন প্রিন্সিপাল শিব্বির আহমদ। ঘটনাটি লোকলজ্জার ভয়ে গোপন রাখা হলেও, গত ৪ জুলাই সকালে তিনি আবারও ওই ছাত্রকে ডেকে নিয়ে অনৈতিক কাজের চেষ্টা চালান।
এ সময় ভিকটিমের ছোট ভাই, বয়স ৯ বছর, রুমে প্রবেশ করলে আসামি তাকে ছেড়ে দেয়। পরে ভিকটিম কৌশলে বের হয়ে মোবাইল ফোনে তার পিতাকে বিষয়টি জানায়। এরপর পিতা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে পুলিশে খবর দেন। পরে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত প্রিন্সিপালকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।





