ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আলি খামেনির শোক র‌্যালি শুরু

ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আলি খামেনির শোক র‌্যালি শুরু - Surma Times | Sylhet News

ইরানের প্রয়াত ধর্মীয় নেতা আলি খামেনির শোক র‌্যালি শুরু - Surma Times | Sylhet Newsতেহরান, সোমবার (৬ জুলাই): ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক র‌্যালি শুরু হয়েছে। সোমবার সকাল থেকে রাজধানী তেহরানে শুরু হওয়া এই শোকযাত্রায় যোগ দিতে লাখো মানুষ সমবেত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তারা একে ইরানের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ হিসেবে বর্ণনা করেছেন।

প্রেস টিভির খবরে বলা হয়, সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে শোক র‌্যালিটি শুরু হয়। এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ গত দুই দিন ধরে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় রাখা হয়েছিল।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক এই শোক র‌্যালি প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা স্থায়ী হতে পারে। ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রাটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হোসেন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের কাছে অবস্থিত শহীদ লাশগারি হাইওয়েতে গিয়ে শেষ হবে।

এর আগে রবিবার ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী প্রয়াত নেতার জানাজার নামাজে ইমামতি করেন। একই সঙ্গে খামেনির জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়্যেদাহ বুশরা হোসাইনি-খামেনির জানাজার নামাজও সম্পন্ন হয়।

প্রেস টিভির তথ্যমতে, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গত শুক্রবার থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল তেহরানে পৌঁছাতে শুরু করে। এর মধ্যে রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, ইরাক, তাজিকিস্তান ও তুরস্কসহ বেশ কয়েকটি দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে।

আজ সোমবার তেহরান শোকর‌্যালি শেষে মঙ্গলবার (৭ জুলাই) পবিত্র শহর কোমে খামেনির আরেকটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বুধবার (৮ জুলাই) তার মরদেহ ইরাকের নাজাফে ইমাম আলী (আ.)-এর মাজার এবং কারবালায় ইমাম হোসেন (আ.) ও হযরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারে নেওয়া হবে।

খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের মাশহাদে অবস্থিত ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article