সিলেটসহ দেশে আসছে তৃতীয় বৃষ্টি বলয় ‘ধারা’, টানা এক সপ্তাহ বৃষ্টির শঙ্কা

সিলেটসহ দেশে আসছে তৃতীয় বৃষ্টি বলয় ‘ধারা’, টানা এক সপ্তাহ বৃষ্টির শঙ্কা - Surma Times | Sylhet News

সিলেটসহ দেশে আসছে তৃতীয় বৃষ্টি বলয় ‘ধারা’, টানা এক সপ্তাহ বৃষ্টির শঙ্কা - Surma Times | Sylhet Newsঢাকা, শনিবার (৪ জুলাই): সিলেটসহ সারাদেশে আগামীকাল রবিবার (৫ জুলাই) থেকে চলতি বছরের তৃতীয় বৃষ্টি বলয় ‘ধারা’ শুরু হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস বিশ্লেষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (BWOT) জানিয়েছে, এই বৃষ্টি বলয়টি আগামী ১৩ জুলাই পর্যন্ত টানা এক সপ্তাহ স্থায়ী হতে পারে।

সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, জুলাইয়ের ৫ তারিখের মধ্যেই বৃষ্টি বলয়টি দেশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে। ঢাকা ও খুলনা বিভাগে মাঝারি ধরনের সক্রিয়তা দেখা গেলেও রাজশাহী ও রংপুর বিভাগে এর প্রভাব তুলনামূলক কম থাকতে পারে।

এর আগে মার্চ মাসে প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলী’ এবং এপ্রিলের শেষে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’ দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল। সে সময় দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির দাপট দেখা দিয়েছিল।

এদিকে সরকারি আবহাওয়া অধিদফতরও ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, সিলেটসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা ঝড়ো হাওয়ায় নদীবন্দরগুলোর আবহাওয়া পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।

বৃষ্টি বলয় ‘ধারা’ কতটা শক্তিশালী হবে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ওয়েদার অবজারভেশন টিম। তবে সংস্থাটি শিগগিরই পূর্ণাঙ্গ আপডেট দেওয়ার কথা জানিয়েছে।

হঠাৎ এমন টানা বৃষ্টির পূর্বাভাসে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিচু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কায় সজাগ থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article