সিলেট, শনিবার (৪ জুলাই): বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় জৈন্তিয়া অঞ্চলের ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। সংগঠনের সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম এ হান্নান এ দাবি উত্থাপন করেন।
শনিবার বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, বৃহত্তর জৈন্তিয়ার হাওর, বিল ও জলাশয় ব্যবস্থাপনায় মহাল সামিল জলকর আইন আধুনিকায়ন ও কার্যকর বাস্তবায়ন জরুরি। পাশাপাশি সিলেট-তামাবিল মহাসড়ক সংলগ্ন দরবস্ত-সারিঘাট এলাকায় এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ ও একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান।
তিনি আরও বলেন, সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি ও বালুমহাল খুলে দেওয়া, সিলেট-সালুটিকর-গোয়াইনঘাট সড়ক এবং হরিপুর-গাছবাড়ি সড়কের সংস্কার, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরকে পৌরসভা ঘোষণা এবং সিলেট-কানাইঘাট-গাছবাড়ি-বোরহান উদ্দিন সড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা প্রয়োজন।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গোলজার আহমদ হেলালের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক ফয়েজ আহমেদ, সহ-সভাপতি ডা. মঈনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মুহি উদ্দিন জাকারিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম এবং সদস্য কাওসার আহমেদ খসরুসহ কেন্দ্রীয় কমিটির নেতারা।
বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তিয়ার সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে এবং ইতোমধ্যে সরকারের কাছে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে।
সভায় সংগঠনের ১০ দফা দাবি ও কার্যক্রম নিয়ে একটি স্মারক প্রকাশ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং জৈন্তিয়ার উন্নয়ন পরিকল্পনা নির্ধারণে একটি নাগরিক সমাবেশ আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।





