সিলেট, শনিবার (৪ জুলাই): সিলেট নগরীর শিবগঞ্জ এলাকা থেকে আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি আমিরুল ইসলাম (৫০)কে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার গোপন তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ-৩ ও সিলেট র্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় দিরাই থানা পুলিশ।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম সুনামগঞ্জ জেলার দিরাই থানাধীন বুরহানপুর গ্রামের মৃত হাজী মদরিছ মিয়ার ছেলে।
র্যাব জানায়, নিহত জয় মহাপাত্র (২০) দিরাই উপজেলার ভাঙ্গাডহর এলাকার বাসিন্দা। প্রায় দেড় মাস আগে আমিরুল ইসলামের কাছ থেকে একটি পুরাতন মোবাইল সাড়ে ৫ হাজার টাকায় কেনেন জয় মহাপাত্র। এর মধ্যে ৫ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি ৫০০ টাকা পরে দেওয়ার কথা ছিল।
গত ৮ জানুয়ারি সকালে ভাঙ্গাডহর এলাকায় একটি কালভার্টের পাশে তাদের দেখা হলে আমিরুল বাকি টাকা দাবি করেন। সে সময় জয় তাৎক্ষণিকভাবে টাকা দিতে না পারায় আমিরুল তার কাছ থেকে মোবাইলটি নিয়ে নেন এবং সিম কার্ড নিতে বিকালে দোকানে যেতে বলেন।
পরবর্তীতে বিকালে জয় মহাপাত্র তার সিম কার্ড নিতে আমিরুলের দোকানে গেলে অভিযোগ অনুযায়ী, আমিরুল দোকানের দরজা বন্ধ করে তাকে মারধর করেন এবং একটি গ্লাসে পানিতে বিষ মিশিয়ে জোরপূর্বক পান করান। পরে তাকে সিম কার্ড দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
বাড়িতে যাওয়ার পর জয় অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় ৯ জানুয়ারি তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত জয়ের মা বাদী হয়ে দিরাই থানায় আমিরুল ইসলামকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।





