সুনামগঞ্জ, ৩ জুলাই: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইতিহাসে প্রথমবারের মতো এক মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন গোলাম কবিরকে দীর্ঘ ২৩ বছরের নিষ্ঠাপূর্ণ সেবার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা জানানো হয়।
শুক্রবার জুমার নামাজের পর জগন্নাথপুর পৌরশহরের উত্তর জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এলাকার যুবসমাজের উদ্যোগে আয়োজিত হয় বিদায়ী সংবর্ধনা। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল শোভাযাত্রা ও মাইক্রোবাসযোগে তাঁকে মসজিদ থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় শত শত যুবক ও মুসল্লি অংশ নেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং তাঁকে এক নজর দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমান নারী-পুরুষ ও শিক্ষার্থীরা।
যুবসমাজের পক্ষ থেকে গোলাম কবিরের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফারুক মিয়া, আনর মিয়া, আলী হোসেন রাজ, নাজির আলী, রকি মিয়া ও সায়েক মিয়াসহ অনেকে।
বক্তারা বলেন, গোলাম কবির দীর্ঘ ২৩ বছর অত্যন্ত নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে মসজিদের দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান এলাকাবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর ভবিষ্যৎ জীবন সুখ, শান্তি ও সুস্বাস্থ্যে কাটুক বলে কামনা করেন তারা।
অনুষ্ঠানে মসজিদ কমিটির মোতাওয়াল্লি আকামত আলী, সদস্য ফারুক আহমদ, আনর মিয়া, মইন উদ্দিন, আজিজুল মিয়া, আব্দুল কালামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। যুবসমাজের পক্ষে সাংবাদিক আলী হোসেন খান অনুষ্ঠান পরিচালনা করেন।
সুনামগঞ্জে মুয়াজ্জিনকে রাজকীয় বিদায়




