সিলেট, ৩০ জুন: সিলেট মহানগর পুলিশের পৃথক অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ সুরমা ও কোতোয়ালী মডেল থানা পুলিশের এসব অভিযানে দুই আসামিকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশ ২৯ জুন রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে পূর্ব খোঁজারখলা বায়তুল পালা মসজিদ গলির রোমানা মঞ্জিলের একটি ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় আকবর আলী (৪০) নামে এক ব্যক্তির হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আকবর আলী ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে এবং বর্তমানে সিলেটের খোঁজারখলা আবাসিক এলাকায় বসবাস করতেন।
অভিযানে নেতৃত্ব দেন এএসআই অরুন চন্দ্র কৈরী। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা নং-১৭, তারিখ ২৯ জুন ২০২৬ রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
অন্যদিকে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ বন্দরবাজারস্থ কাষ্টঘর মায়া হোটেলের গলি এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলী রাজ ওরফে আলী রাজা (২৬) নামের এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তিনি সুনামগঞ্জ সদরের মঙ্গল কাটা এলাকার মৃত মোকাব্বিরের ছেলে এবং বর্তমানে সিলেটের শাহপরান থানাধীন কুমারপাড়ায় বসবাস করছিলেন।
অভিযানটি পরিচালনা করেন এএসআই নুরুল ইসলাম। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং-৪৫, তারিখ ২৯ জুন ২০২৬ রুজু করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের কঠোর অবস্থান বজায় থাকবে।




