সুরমা টাইমস ডেস্কঃ রাজধানী ঢাকায় বর্তমানে ১৯টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এআই-ভিত্তিক ট্রাফিক ক্যামেরা চালু রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
তিনি বলেন, আগে ১৫টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা ছিল। আজ আরও চারটি যুক্ত হওয়ায় মোট ১৯টি ইন্টারসেকশনে এই প্রযুক্তি চালু হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ জংশনেও এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে তেজগাঁও ট্রাফিকের ডিসি কার্যালয়ে লেক রোডে এআই ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এআই ক্যামেরার সাফল্য কমিশনার জানান, এআই ক্যামেরা ব্যবহার করে এ পর্যন্ত প্রায় দেড় হাজার ট্রাফিক মামলা করা হয়েছে। লঙ্ঘনকারীদের মোবাইল বার্তা, ডাকযোগে নোটিশ এবং ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়। এ পর্যন্ত প্রায় ৩৮ হাজার সমন ইস্যু করা হয়েছে।
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে কমিশনার বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সব অটোরিকশা সরিয়ে দেওয়া সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপির নীতিগত সিদ্ধান্ত অনুসারে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআই ক্যামেরা চালুর মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও আধুনিক হবে বলে আশা করা হচ্ছে।




