ঢাকা, ২৯ জুন ২০২৬: অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত ধনুয়া উচ্চবিদ্যালয়ে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।
সম্প্রতি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমের অংশ হিসেবে হাতে-কলমে অগ্নি নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণটি পরিচালনা করেন এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির সিনিয়র ম্যানেজার (এইচএসই) মাহাদী হাসান।
প্রশিক্ষণে অগ্নিকাণ্ড প্রতিরোধ, জরুরি পরিস্থিতিতে করণীয়, জীবন রক্ষার উপায়, বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার এবং নিরাপদে স্থানত্যাগের বিষয়ে ব্যবহারিক ধারণা দেওয়া হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিনিধিসহ প্রায় ৩১০ জন অংশ নেন।
ইন্টারেক্টিভ প্রদর্শনী ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা অগ্নি নিরাপত্তার নানা কৌশল হাতে-কলমে শেখার সুযোগ পান। আয়োজকদের আশা, এ উদ্যোগ বিদ্যালয় সংশ্লিষ্ট সবার প্রস্তুতি আরও জোরদার করবে।
বাংলাদেশে অগ্নি নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ জননিরাপত্তার বিষয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ২৭ হাজার ৫৯টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার প্রধান কারণ ছিল বৈদ্যুতিক ত্রুটি। এ পরিস্থিতিতে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও জরুরি সাড়া দেওয়ার দক্ষতা বাড়াতে সচেতনতা কার্যক্রমকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
এনার্জিপ্যাক জানায়, অর্থবহ করপোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগের মাধ্যমে তারা দেশজুড়ে জননিরাপত্তা, টেকসই উন্নয়ন ও সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে।





