মৌলভীবাজার, ২৯ জুন: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশ-ইনের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিজিবির কঠোর অবস্থান ও টহলের কারণে এসব চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।
বড়লেখা উপজেলার পাল্লাতল, নিউ পাল্লাতল, লাতু, গান্দাইল, বোবারতল ও উত্তর ষাইটঘর সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে ১৫ থেকে ২০ বার ৩০-৪০ জনকে পুশ-ইনের চেষ্টা করা হয়। দুর্গম পাহাড়ি জঙ্গল ও ভারতীয় সীমান্ত পরিবেষ্টিত এলাকায় এসব তৎপরতা চালানো হলেও বিজিবি তা প্রতিহত করেছে।
৫২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ১১৪ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে। পাশাপাশি বিশেষ চেকপোস্ট, বাংকার স্থাপন এবং সন্দেহজনক চলাচলের ওপর নজরদারি জোরদার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারায় সহযোগিতা করছেন। তারা যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, সীমান্ত সুরক্ষায় দিন-রাত টহল বাড়ানো হয়েছে এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে নজরদারি অব্যাহত রয়েছে।





