ওসমানী বিমানবন্দর প্রকল্পে জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন

ওসমানী বিমানবন্দর প্রকল্পে জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন - Surma Times | Sylhet News

ওসমানী বিমানবন্দর প্রকল্পে জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ও টহল সড়ক নির্মাণের জন্য ২০২০ সালে অধিগ্রহণ করা ১৫১ একর জমির ক্ষতিপূরণ এখনও পাননি ভূমি মালিকরা। দীর্ঘ ছয় বছর ধরে চলা এই প্রহসনের প্রতিবাদে রোববার (২৮ জুন) সকাল ১১টায় বিমানবন্দরের সামনে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।

বিমানবন্দর অধিগ্রহণ বাস্তবায়ন কমিটি সিলেটের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, “জমি অধিগ্রহণের নামে আমাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। নিজের জমিতে কোনো উন্নয়ন করতে পারছি না, বিক্রিও করতে পারছি না। অথচ ন্যায্য ক্ষতিপূরণও পাচ্ছি না। ২০২৩ সালের শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ভেঙে পড়েছে, অনেকে এখন ত্রিপলের নিচে মানবেতর জীবন যাপন করছেন।”

‘জিন্দা লাশ’ বানিয়ে ফেলেছে কর্তৃপক্ষ

সভাপতিত্ব করেন মো. আব্দুল হালিম এবং পরিচালনা করেন বুলবুল মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন চেয়ারম্যান দিলওয়ার হোসেন।

ওসমানী বিমানবন্দর প্রকল্পে জমির ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন - Surma Times | Sylhet Newsবক্তারা আরও বলেন, “সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ এক জায়গার ১১ বার সংশোধনী দিয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে বর্তমান বাজারমূল্যে কিছুই করা সম্ভব নয়। আমরা বর্তমান বাজার মূল্য অনুযায়ী ন্যায্য ক্ষতিপূরণ চাই।”

তাঁরা জানান, গত ২১ মে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমের কাছে স্মারকলিপি দিয়ে ৪৫ দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল। আগামী ৪ জুলাই এই সময়সীমা শেষ হবে। বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ৮ দিনের মধ্যে যদি সুষ্ঠু সমাধান না হয়, তাহলে আমরা বিমানবন্দর সড়কে অবস্থান নিতে বাধ্য হব। আর কোনো মিথ্যা আশ্বাস চাই না।”

মানববন্ধনে নাজিম উদ্দিন ইমরান, মন্তাজ আলী, ফিরোজ আলী, রাজিব হোসেন লিটু, আব্দুল হাকিম, শাহনুর আহমদসহ কয়েকশ ভূমি মালিক অংশ নেন।

ভূমি মালিকদের দাবি—অধিগ্রহণ বাতিল অথবা বর্তমান বাজারমূল্যে দ্রুত ক্ষতিপূরণ প্রদান। অন্যথায় আন্দোলন আরও তীব্র করা হবে বলে জানিয়েছেন তাঁরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article