সুরমা টাইমস ডেস্কঃ দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশিদের জন্য ভারত ভ্রমণ ভিসা চালু হচ্ছে। রোববার থেকে বাংলাদেশিরা ভারতীয় ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই ঘোষণায় কলকাতার ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
নিউ মার্কেট, মারকুইস স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ী সংগঠনগুলো বৈঠক করে বাংলাদেশি পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। নিরাপত্তা জোরদার, সিসিটিভি স্থাপন এবং পরিষেবা উন্নয়নের নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।
ব্যবসায়ীরা জানান, গত দুই বছর ভিসা বন্ধ থাকায় পর্যটননির্ভর এলাকাগুলোতে বড় ধরনের মন্দা দেখা দেয়। অনেক ব্যবসায়ী ক্ষতির মুখে পড়ে ঋণগ্রস্ত হয়েছেন, কেউ কেউ ব্যবসা বন্ধ বা পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন।
নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশি পর্যটকরাই তাদের প্রধান ক্রেতা। তাদের ফিরে আসায় আবারও প্রাণ ফিরে পাবে বাজার। হোটেল, পোশাক, ওষুধ, বৈদেশিক মুদ্রা বিনিময়সহ নানা খাত নতুন করে সচল হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
মারকুইস স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ সাহা বলেন, কঠিন সময় পার করে এখন নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে। গ্রিন লাইনের কর্ণধার সঞ্জয় মজুমদারও আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবহন খাতেও আবার গতি ফিরবে।
ব্যবসায়ীদের হিসাব অনুযায়ী, বাংলাদেশি পর্যটক না থাকায় নিউ মার্কেটের ব্যবসা প্রায় ৬০ শতাংশ কমে গিয়েছিল। ভিসা চালুর সিদ্ধান্তে শুধু ব্যবসা নয়, কলকাতার পর্যটন ও স্থানীয় অর্থনীতিতেও নতুন আশার সঞ্চার হয়েছে।
এখন বাংলাদেশি পর্যটকদের অপেক্ষায় দিন গুনছেন কলকাতার ব্যবসায়ীরা।





