সুরমা টাইমস ডেস্কঃ রংপুরে হোটেল শ্রমিক শাওন হত্যার প্রতিবাদে এবং অভিযুক্ত মনু মিয়ার ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হোটেল শ্রমিকরা। একই সঙ্গে নিহতের পরিবারকে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও কনভেনশন অনুযায়ী আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৫টায় ক্বীন ব্রিজের দক্ষিণ পাড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলী পয়েন্টে সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক শ্রমিক অংশ নেন।
সংগঠনের সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই হোটেল শ্রমিকদের কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। শ্রম আইন ও আইএলও কনভেনশনের বাস্তবায়ন না থাকায় একের পর এক শ্রমিক হত্যার ঘটনা ঘটছে। তারা অতীতের বিভিন্ন হত্যাকাণ্ডের উদাহরণ তুলে ধরে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
নেতৃবৃন্দ বলেন, সর্বশেষ গত ১৬ জুন রংপুরে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে শাওনকে হত্যা করা হয়েছে, যা শ্রমিকদের নিরাপত্তাহীনতার চরম উদাহরণ। তারা অবিলম্বে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এ সময় যশোরের শ্রমিকনেতা কৃষ্ণালাল সরকারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক হত্যার বিচার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।





