
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে সিলেটে অনূর্ধ্ব-১৫ বয়সীদের জন্য মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণকারী তরুণ সাঁতারুরা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে সনদ পেয়েছে।
শনিবার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে আয়োজিত অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিস ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই কার্যক্রম সম্পন্ন করে।
জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ডিএফএর সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক টিটু আহমেদ, কোচ তানিয়া রহমান, প্রশিক্ষক আব্দুল কাদির, সিনিয়র ক্রীড়া শিক্ষক ফাতেমা তুজ জোহরা ও আব্দুল মজিদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয় এবং তাদের ভবিষ্যৎ ক্রীড়া জীবনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে মো. নূর হোসেন বলেন, ক্রীড়া পরিদপ্তরের এই উদ্যোগের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা। মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় একদল সাঁতারু তৈরি হয়েছে, যা ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, এসব তরুণ প্রতিভার বিকাশে জেলা ক্রীড়া অফিস সবসময় পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিজ্ঞপ্তি





