মোবাইলে ব্যস্ত চালক, পেছন থেকে ধাক্কা, জৈন্তাপুরে সিএনজির আঘাতে গুরুতর আহত ২

মোবাইলে ব্যস্ত চালক, পেছন থেকে ধাক্কা, জৈন্তাপুরে সিএনজির আঘাতে গুরুতর আহত ২ - Surma Times | Sylhet News

মোবাইলে ব্যস্ত চালক, পেছন থেকে ধাক্কা, জৈন্তাপুরে সিএনজির আঘাতে গুরুতর আহত ২ - Surma Times | Sylhet Newsজৈন্তাপুর প্রতিনিধিঃ সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে বেপরোয়া সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ইবনে সিনা হাসপাতালের সিনিয়র স্টাফসহ দুই পথচারী আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের উমনপুর এলাকায় অগ্রণী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উমনপুর গ্রামের নজরুল ইসলাম (৩৫) ও সেলিম আহমেদ (৩৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুই পথচারী রাস্তার পাশ দিয়ে হেঁটে সিলেট গ্যাস ফিল্ড গেটের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে সিলেটগামী একটি নাম্বারবিহীন সিএনজিচালিত অটোরিকশা এসে তাদের সজোরে ধাক্কা দেয়।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় চালক মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে লেন পরিবর্তন করে পথচারীদের ওপর উঠে পড়ে সিএনজিটি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নজরুল ইসলামের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঘটনার পরপরই সিএনজিচালক পালিয়ে যায়। তার পরিচয় কিংবা ব্যবহৃত গাড়ির নম্বর এখনো শনাক্ত করা যায়নি।

তামাবিল হাইওয়ে থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পলাতক চালককে শনাক্তে অভিযান চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article