ঢাকায় শুরু হলো ফিনিক্স সামিট ২০২৬, সাইবার নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সংলাপ

ঢাকায় শুরু হলো ফিনিক্স সামিট ২০২৬, সাইবার নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সংলাপ - Surma Times | Sylhet News

ঢাকায় শুরু হলো ফিনিক্স সামিট ২০২৬, সাইবার নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সংলাপ - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে রাজধানীতে শুরু হয়েছে ফিনিক্স সামিট ২০২৬। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী এ সম্মেলনের মূল আয়োজন বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, শিল্পখাতের শীর্ষ নির্বাহী, একাডেমিক প্রতিনিধি, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিক্ষার্থীসহ দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

দেশের অন্যতম সাইবার নিরাপত্তা উদ্যোগ দ্য টিম ফিনিক্স গ্রুপ আয়োজিত এ সামিটে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারীর অংশ নেওয়ার কথা রয়েছে। প্রথম দিনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় অবকাঠামো সুরক্ষা, উদীয়মান প্রযুক্তি ও বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশে সাইবার নিরাপত্তা খাতে নতুন সম্ভাবনা তৈরি করছে। তিনি সরকারের সাইবার ও আইটি খাতে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন।

দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, সাইবার সিকিউরিটি এখন জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা ও ডিজিটাল সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ। সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে আনার মাধ্যমে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।

এর আগে ২৩ জুন থেকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিভিন্ন টেকনিক্যাল কর্মশালা শুরু হয়। সেখানে ‘প্র্যাক্টিক্যাল সাইবার ইনভেস্টিগেশন’, ‘ডেভসেকঅপস ফর প্র্যাকটিশনার্স’, ‘মাস্টার অ্যাপ্লিকেশন সিকিউরিটি: ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং’ এবং ‘র‍্যানসামওয়্যার মেকানিক্স’ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সামিটের সমাপনী অনুষ্ঠান আগামীকাল ২৭ জুন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article