চলন্ত ট্রেনে পাথর ছোড়া, চোখ হারালেন আইনজীবী

চলন্ত ট্রেনে পাথর ছোড়া, চোখ হারালেন আইনজীবী - Surma Times | Sylhet News

চলন্ত ট্রেনে পাথর ছোড়া, চোখ হারালেন আইনজীবী - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ  চলন্ত ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরে গুরুতর আহত হয়ে ডান চোখ হারালেন আয়কর আইনজীবী শ্যামল চন্দ্র দাস। ঘটনাটি ঘিরে রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে চট্টগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন অতিক্রমের সময় ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এ সময় একটি পাথর জানালা ভেদ করে ভেতরে থাকা শ্যামল চন্দ্র দাসের চোখে আঘাত হানে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়া হলে দীর্ঘ অস্ত্রোপচারের পরও তার ডান চোখটি রক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকদের শেষ পর্যন্ত চোখটি অপসারণ করতে হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শাহ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধ না থাকায় ক্ষোভ জানিয়েছেন সাধারণ যাত্রীরা।

সচেতন মহল বলছে, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো, নিয়মিত টহল জোরদার এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনলেই এ ধরনের প্রাণঘাতী ঘটনা প্রতিরোধ করা সম্ভব।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article