ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা, হাঁটু পানিতে চরম দুর্ভোগ গোবিন্দগঞ্জবাসীর

ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা, হাঁটু পানিতে চরম দুর্ভোগ গোবিন্দগঞ্জবাসীর - Surma Times | Sylhet News

ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা, হাঁটু পানিতে চরম দুর্ভোগ গোবিন্দগঞ্জবাসীর - Surma Times | Sylhet Newsআনোয়ার হো‌সেন র‌নিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট, নতুন বাজার প্রবেশমুখ ও গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টিতে এসব স্থানে হাঁটুসমান পানি জমে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, বাজার ও আশপাশের এলাকা থেকে নিয়মিতভাবে ময়লা এনে সড়কের পাশে ফেলা হচ্ছে। এতে ড্রেন ও নালা ভরাট হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই সড়ক, দোকানপাট ও চলাচলের পথ জলাশয়ে পরিণত হচ্ছে।

গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। ময়লা মিশ্রিত পানি মাড়িয়ে তাদের বিদ্যালয়ে যেতে হচ্ছে, আর দুর্গন্ধে নাক চেপে চলাচল করতে হচ্ছে। অভিভাবকরা বলছেন, বিদ্যালয়ের পাশের এই অবস্থা শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।

ব্যবসায়ী ও পথচারীরাও একই দুর্ভোগের কথা জানিয়েছেন। দ্রুতগতির যানবাহনের চাকা থেকে পচা পানি ছিটকে গায়ে পড়ছে, যা অস্বস্তি ও স্বাস্থ্যঝুঁকি দুটোই বাড়াচ্ছে। ময়লার স্তূপে পচনশীল বর্জ্য থাকায় সেখানে কুকুর, গরু ও অন্যান্য প্রাণীর আনাগোনা বেড়েছে।

এলাকাবাসীর আশঙ্কা, জলাবদ্ধতা ও অপরিচ্ছন্ন পরিবেশে মশার উপদ্রব বাড়ছে। এতে ডেঙ্গু, ডায়রিয়া, টাইফয়েডসহ পানিবাহিত রোগের ঝুঁকিও তৈরি হতে পারে।

স্থানীয় চিকিৎসকরা দ্রুত ময়লা অপসারণ, ড্রেনেজ পরিষ্কার এবং বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছেন। বাসিন্দাদের দাবি, অবৈধভাবে ময়লা ফেলা বন্ধ করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করতে হবে।

সচেতন মহলের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে গোবিন্দগঞ্জের এ জলাবদ্ধতা ও ময়লার সমস্যা আরও ভয়াবহ জনদুর্ভোগে রূপ নিতে পারে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article