সুরমা টাইমস ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী আহত হয়েছে।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তারা সবাই মাদ্রাসাটির হেফজ বিভাগের ছাত্র এবং তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের আগে বৃষ্টির সময় মাদ্রাসা ভবনের পাশের অজুখানায় চারজন শিক্ষার্থী অজু করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা ঘটনাটি নিশ্চিত করেছেন। শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোস্তানশির বিল্লাহ জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল এবং আহত আরেকজনের চিকিৎসা চলছে।
এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।





