আসন্ন শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে প্রস্তুতি ও সার্বিক সহযোগিতা নিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট।
রোববার (২১ জুন) দুপুর ২টায় সিটি করপোরেশনের প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইসকন সিলেটের যোগাযোগ বিভাগের পরিচালক ও রথযাত্রা উদযাপন কমিটির সহ-সভাপতি সিদ্ধমাধব দাস প্রশাসকের হাতে নিমন্ত্রণপত্র তুলে দেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী।
সাক্ষাৎকালে রথযাত্রা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শোভাযাত্রা ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ এবং সিটি করপোরেশনের প্রয়োজনীয় সহযোগিতা নিয়ে বিস্তারিত কথা হয়।
সিটি করপোরেশনের প্রশাসক বিষয়গুলো গুরুত্ব সহকারে শুনে রথযাত্রা উপলক্ষে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং সফল আয়োজনের জন্য শুভকামনা জানান। বিজ্ঞপ্তি




