বন্দিদের টাকা এখন আর হাতে নয়, আরএফআইডি কার্ড

বন্দিদের টাকা এখন আর হাতে নয়, আরএফআইডি কার্ড - Surma Times | Sylhet News

দেশের প্রথম ক্যাশলেস কারাগার মুন্সিগঞ্জে!

বন্দিদের টাকা এখন আর হাতে নয়, আরএফআইডি কার্ডে - Surma Times | Sylhet Newsমুন্সিগঞ্জ, ২১ জুন ২০২৬: দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ ক্যাশলেস কারা ব্যবস্থাপনা চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে। এখন থেকে কারাগারের ভেতরে এক টাকাও নগদ লেনদেন হবে না। বন্দিরা আরএফআইডি প্রযুক্তির কার্ড ব্যবহার করে ক্যান্টিন থেকে খাবার-দাবার ও প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন।

রোববার সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা বন্দিদের নিরাপত্তা, অবস্থান শনাক্তকরণ এবং লেনদেনে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

কারা কর্তৃপক্ষ জানায়, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তির মাধ্যমে বন্দিদের অবস্থান সহজেই শনাক্ত করা যাবে। ওয়ার্ডে ডিজিটাল গণনা এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত হবে। আত্মীয়-স্বজনরা বন্দির জন্য টাকা দিলে তা সরাসরি বন্দির ভার্চুয়াল অ্যাকাউন্টে জমা হবে। বন্দিরা আরএফআইডি কার্ড দিয়ে ক্যান্টিন থেকে কেনাকাটা করবেন।

নিয়ম অনুযায়ী, আত্মীয়রা টাকা জমা দিলে কর্মকর্তারা তা ব্যাংকে জমা করবেন এবং বন্দির কার্ডে ভার্চুয়াল ব্যালেন্স যোগ হবে। জামিনে মুক্তির সময় অবশিষ্ট টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে।

এই উদ্যোগের ফলে কারাগারের ভেতরে দুর্নীতি ও অনিয়ম অনেকাংশে কমবে, স্বচ্ছতা বাড়বে এবং বন্দিদের অর্থের পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেনের নির্দেশনায় এ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কারিগরি সহায়তা দিয়েছে ডিকোড ল্যাব এবং কারা অধিদপ্তরের প্রিজন্স আইসিটি সেল।

জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ বলেন, “মুন্সিগঞ্জ জেলা কারাগারকে প্রযুক্তিতে এগিয়ে নিয়ে দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে গড়ে তোলা হয়েছে। এটি নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব ও আধুনিক সেবা নিশ্চিত করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও এ মডেল ছড়িয়ে দেওয়া হবে।”

কারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের আধুনিকায়ন কারাব্যবস্থাকে আরও মানবিক ও স্বচ্ছ করতে সাহায্য করবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article