স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে আড়াই বছরের এক শিশুকে পানিভর্তি বালতিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত কিশোরী নিজেই থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিশা আক্তার রাজবাড়ীর বাসিন্দা আকাশ শেখের মেয়ে। তার বাবা-মা এলাকায় ভাড়া বাসায় থেকে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, অভিযুক্ত ১৪ বছর বয়সী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর থানায় গিয়ে সে ডিউটি অফিসারকে জানায়, শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যা করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরী জানায়, শিশুটি তার কাছে বারবার বিস্কুট চাইছিল এবং তার মা শিশুটিকে বেশি আদর করতেন। এ থেকেই ক্ষোভে এমন ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছে সে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় তারা ঘরের ভেতরে ছিলেন। পরে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করে টিউবওয়েলের পাশে পানিভর্তি বালতির ভেতর থেকে উদ্ধার করেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তের বক্তব্য যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।





