স্টাফ রিপোর্টার: প্রতারণার একাধিক অভিযোগে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির কথিত স্বামী ও প্রযোজক মির্জা আবুল বাশার মামুনকে নাটকীয় অভিযানে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় প্রায় ১৮ ঘণ্টার অভিযান শেষে বাথরুমের ফলস সিলিংয়ের ভেতর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, চাকরি ও ডিলারশিপ দেওয়ার নামে প্রতারণা, গাড়ি ভাড়া নিয়ে আত্মসাৎ এবং কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গুলশান থানার ওসি (অপারেশন) মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হলেও প্রথমে তাকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি বলেন, একপর্যায়ে বাথরুমের ফলস সিলিংয়ে সন্দেহ হলে সেখানে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, এর আগেও প্রতারণার অভিযোগে গত বছরের অক্টোবর মাসে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।





