স্টাফ রিপোর্টার: দেশের তরুণ প্রজন্মকে অর্থনীতিতে দক্ষ ও বাস্তবমুখী করে তুলতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT) আয়োজন করেছে ‘BUBT Economics Olympiad 2026’। ঢাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ৩৫টির বেশি কলেজের ২৬৪ জন শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এ.বি.এম. শওকত আলী অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
অলিম্পিয়াডে শিক্ষার্থীদের আর্থিক জ্ঞান, ডাটা অ্যানালিটিক্স এবং জাতীয় বাজেট বিশ্লেষণসহ বাস্তব অর্থনৈতিক বিষয়গুলোতে দক্ষতা যাচাই করা হয়। প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লিখিত পরীক্ষা, কুইজ এবং নীতিনির্ধারণমূলক উপস্থাপনা অন্তর্ভুক্ত রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ড. মুস্তফা কে. মুজেরী। তিনি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।
অনুষ্ঠানে জাতীয় বাজেট সহজভাবে বোঝাতে ‘ন্যাশনাল বাজেট ইজি লার্নিং’ শীর্ষক একটি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মুহাম্মদ মাহবুব আলী।
অলিম্পিয়াডে আর্টস, কমার্স ও সায়েন্স এই তিনটি ধারায় শিক্ষার্থীদের মূল্যায়ন করা হচ্ছে। বিজয়ীরা ট্রফি, সনদপত্র এবং BUBT-তে পড়াশোনার জন্য ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাচ্ছেন।
আয়োজকরা জানান, দেশের ভবিষ্যৎ অর্থনীতিবিদ, নীতিনির্ধারক ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।





