সিলেটে থামছেই না শিশু মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, মোট ৭৬

সিলেটে থামছেই না শিশু মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, মোট ৭৬ - Surma Times | Sylhet News

সিলেটে থামছেই না শিশু মৃত্যুর মিছিল, ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, মোট ৭৬ - Surma Times | Sylhet Newsস্টাফ রিপোর্টার: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়।

মারা যাওয়া শিশুরা হলো মৌলভীবাজার সদর উপজেলার সাত মাস বয়সী সারহান এবং ওসমানীনগরের পাঁচ মাস বয়সী আহিয়ান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, একই সময়ে নতুন করে ৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং দুজনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩২৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ ১৭৮ জন, সিলেটে ১০৭ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন।

জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩১ জন, মৌলভীবাজারে ১০ জন এবং হবিগঞ্জে ৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article