জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
বৃহস্পতিবার উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিতা রুদ্র পাল (৩৩) একই গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পাল বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছালে পিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই রিতার মৃত্যু হয়।
ঘটনার পরপরই পিন্টু রুদ্র পাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনগত কার্যক্রম শুরু করে।
পূর্ব জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল উদ্দিন জানান, পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।





