সুরমা টাইমস ডেস্কঃ সিলেট-তামাবিল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি অটোরিকশা খাদে পড়ে যাওয়ার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন কাপনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা পারভীন। অন্য দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নম্বরপ্লেটবিহীন একটি যাত্রীবাহী সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়ে যায়। এতে যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সিলেট-তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।





