সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটের জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৮৫ পিস ইয়াবা ও মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ২০০ টাকাসহ মো. মাসুক মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতের এ অভিযানে তাকে নিজ বসতঘর থেকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, ১৩ জুন রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুশফিকুর রহমানের নেতৃত্বে জালালাবাদ থানাধীন কালিরগাঁও নয়াবাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাসুক মিয়ার বসতঘর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাসুক মিয়া কালিরগাঁও এলাকার ইছহাক আলীর ছেলে। এ ঘটনায় জালালাবাদ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।




