
সুরমা টাইমস ডেস্কঃ উৎসবমুখর পরিবেশে সিলেটে অনুষ্ঠিত হলো জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির আওতায় রবিবার বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন বয়সী প্রতিযোগীরা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মেডেল ও পুরস্কার প্রদান করা হয়। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে সাঁতারে নতুন প্রতিভা খুঁজে বের করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মো. নূর হোসেন বলেন, আজকের এই প্রতিযোগিতার মাধ্যমে ভবিষ্যতের জাতীয় পর্যায়ের সাঁতারু তৈরি হবে। যারা বিজয়ী হয়নি, তাদের হতাশ হওয়ার কিছু নেই, বরং এটিই তাদের জন্য নতুন শুরুর সুযোগ।
তিনি আরও বলেন, সিলেট জেলা ক্রীড়া অফিস তরুণ ক্রীড়াবিদদের এগিয়ে নিতে সবসময় পাশে থাকবে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রতিযোগিতা সিলেটে ক্রীড়া চর্চা আরও গতিশীল করবে।





