সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে জেলা পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনীতে তরুণদের উদ্ভাবনী শক্তির উজ্জ্বল উপস্থিতি দেখা গেছে। “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রযুক্তিনির্ভর নতুন ধারণা ও সম্ভাবনাময় স্টার্টআপ আইডিয়ায় মুখর ছিল পুরো আয়োজন।
রবিবার বিকেলে নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।
তিনি বলেন, আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকতে চাই না, উদ্ভাবক হতে চাই। সিলেটের তরুণদের মাঝে যে বিপুল সম্ভাবনা রয়েছে, আজকের এই আয়োজন সেটিই প্রমাণ করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এই তরুণরাই হবে মূল চালিকাশক্তি।
জেলা প্রশাসক আরও জানান, তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার মেন্টরিং ও ফান্ডিংয়ের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরির পরিকল্পনা করছে। পরিবেশবান্ধব জ্বালানি, স্মার্ট কৃষি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষার্থীদের কাজকে তিনি বিশেষভাবে গুরুত্ব দেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, স্টার্টআপ পরিকল্পনা এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান শেষে সেরা উদ্ভাবকদের পুরস্কার দেওয়া হয়। বিজয়ী দলগুলো জাতীয় পর্যায়ে অংশ নিতে ঢাকায় যাওয়ার সুযোগ পেয়েছে।





