টোয়াব নির্বাচনের আগে শক্তি প্রদর্শন, সুফি নাইটসে ঐক্যের বার্তা অগ্রগামী ঐক্যজোটের

টোয়াব নির্বাচনের আগে শক্তি প্রদর্শন, সুফি নাইটসে ঐক্যের বার্তা অগ্রগামী ঐক্যজোটের - Surma Times | Sylhet News

টোয়াব নির্বাচনের আগে শক্তি প্রদর্শন, সুফি নাইটসে ঐক্যের বার্তা অগ্রগামী ঐক্যজোটের - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ আসন্ন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনকে সামনে রেখে রাজধানীতে জমকালো আয়োজন করলো টোয়াব অগ্রগামী ঐক্যজোট। সুফি সংগীত, মতবিনিময় ও নৈশভোজে মুখর এই আয়োজনে পর্যটন খাতের ঐক্য ও অগ্রগতির বার্তা তুলে ধরা হয়।

শনিবার রাতে নয়াপল্টনের একটি কনভেনশন হলে অনুষ্ঠিত “সুফি নাইটস ও ডিনার” অনুষ্ঠানে টোয়াব সদস্য, পর্যটন খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজন সাংস্কৃতিক পরিবেশনা ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় পরিণত হয় এক মিলনমেলায়।

অনুষ্ঠানে উপস্থিত প্যানেল প্রধান ও প্রেসিডেন্ট পদপ্রার্থী ড. তাসলিম আমিন শোভন বলেন, দেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে অভিজ্ঞ নেতৃত্ব, স্বচ্ছতা ও সম্মিলিত উদ্যোগ এখন সময়ের দাবি। তিনি একটি শক্তিশালী ও টেকসই পর্যটন খাত গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

আয়োজকরা জানান, এটি শুধু একটি সামাজিক আয়োজন নয়, বরং পর্যটন শিল্পের অংশীজনদের মধ্যে সম্পর্ক জোরদার এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে টোয়াবের সাবেক সভাপতি তৌফিক উদ্দিন আহমেদ ও ফরিদুল হক, বোটোয়া সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ, ট্রাভেল ক্যানভাসের সম্পাদক সৈয়দ গোলাম কাদিরসহ খাতসংশ্লিষ্ট অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রণব সাহা। পুরো আয়োজন সমন্বয় করেন চৌধুরী হাসানুজ্জামান রনি ও আবদুল্লাহ আল কাফি।

আয়োজকরা শেষপর্যন্ত পর্যটন খাতকে আরও শক্তিশালী করতে ঐক্যজোটের প্রতি সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article