সুরমা টাইমস ডেস্কঃ কিডনি রোগকে বর্তমান সময়ের নীরব ঘাতক হিসেবে আখ্যায়িত করে আগাম প্রতিরোধে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান চৌধুরী।
শুক্রবার বিকেলে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের হলরুমে আয়োজিত কমিউনিটি স্ক্রিনিং ও আর্লি ইন্টারভেনশন কিডনি কেয়ার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসচেতনতা ও দেরিতে রোগ নির্ণয়ের কারণে অনেক মানুষ অকালে প্রাণ হারাচ্ছেন।
তিনি বলেন, রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে প্রতিরোধই সবচেয়ে কার্যকর। তৃণমূল পর্যায়ে নিয়মিত স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা গেলে বহু মানুষকে কিডনি বিকল হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করা সম্ভব।
এ ধরনের উদ্যোগ নেওয়ায় কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তাফা তৌফিক আহমেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কিডনি বিশেষজ্ঞরা। তারা কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পরীক্ষা-নিরীক্ষার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সিইও কর্ণেল অবসরপ্রাপ্ত মো. আব্দুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক ডা. নজমুস সাকিবসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





