লাইসেন্স বাতিলের ধাক্কায় আদ্-দ্বীন হাসপাতাল ফাঁকা ! ১৭৬ রোগী চলে গেলেন

লাইসেন্স বাতিলের ধাক্কায় আদ্-দ্বীন হাসপাতাল ফাঁকা ! ১৭৬ রোগী চলে গেলেন - Surma Times | Sylhet News

লাইসেন্স বাতিলের ধাক্কায় আদ্-দ্বীন হাসপাতাল ফাঁকা ! ১৭৬ রোগী চলে গেলেন - Surma Times | Sylhet Newsসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর আদ্-দ্বীন হাসপাতাল থেকে রোগীরা ধীরে ধীরে চলে যাচ্ছেন। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর হাসপাতালটি খালি হওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত ১৭৬ জন রোগী হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক (কোম্পানি অ্যাফেয়ার্স) তারিকুল ইসলাম মুকুল।

তিনি গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর লাইসেন্স বাতিলের ঘোষণা দেওয়ার সময় হাসপাতালে মোট ৪২৬ জন রোগী ভর্তি ছিলেন। বর্তমানে প্রায় ২৫০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা বিভিন্ন সময়ে চলে গেছেন।

তারিকুল ইসলাম মুকুল আরও বলেন, “আমরা স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আগামী রোববারের মধ্যে আমরা আপিল সম্পন্ন করব।” রোগী স্থানান্তরের বিষয়ে তিনি বলেন, “আমরা চাইলেও এত দ্রুত সবাইকে সরিয়ে দিতে পারি না। তাই যথাসাধ্য চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপিলের পর চূড়ান্ত সিদ্ধান্তের ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।”

ছয় নবজাতক মৃত্যুর ঘটনা

গত ২৭ মে সকালে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ মিলেছে।

তদন্তে উঠে এসেছে, ওয়ার্ডে অতিরিক্ত ভিড়, দীর্ঘ সময় এসি বন্ধ রাখা, বিকল্প ভেন্টিলেশনের অভাব এবং বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়াই মৃত্যুর প্রধান কারণ। হাসপাতালের ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় বৃহস্পতিবার লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র সমালোচনা চলছে। রোগী ও স্বজনদের মধ্যে আস্থার সংকট দেখা দিয়েছে। আপিলের ফলাফল কী হয়, সেদিকে এখন সবার নজর।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article