সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে গ্লোবাল ফ্যাটি লিভার দিবস ২০২৬ উপলক্ষে গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বজুড়ে ১২০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত। বাংলাদেশে এটি নীরব মহামারি আকার ধারণ করেছে। গড়ে প্রতি ৬ জনে ১ জন ফ্যাটি লিভারের শিকার।
বুধবার (১০ জুন) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের আয়োজনে এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এই গোলটেবিল অনুষ্ঠিত হয়। মিডিয়া পার্টনার ছিল দৈনিক জালালাবাদ।
বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, ‘নীরব ঘাতক ফ্যাটি লিভার, সচেতনতাই প্রতিরোধের হাতিয়ার’। পরিবার থেকেই সচেতনতা শুরু করতে হবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম ও সরকারসহ সব অংশীজনকে একসঙ্গে কাজ করতে হবে। সমন্বিত উদ্যোগ নিলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব।
বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার (বায়োটেক) শুভ নাথ সাহার সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মধুসূদন সাহা, সহযোগী অধ্যাপক ডা. মোস্তাক উদ্দিন আহমদ, সহযোগী অধ্যাপক ডা. মো. অলিউর রহমান, সহকারী অধ্যাপক ডা. মুহিবুর রহমান জুয়েল, রেজিস্ট্রার ডা. মো. নাহিয়ান ফারুক চৌধুরী, সহকারী রেজিস্ট্রার ডা. রতন ভৌমিক এবং বীকন ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং ম্যানেজার রাজন চন্দ্র মদক।
বিশেষজ্ঞরা জানান, এখনই উদ্যোগ না নিলে ফ্যাটি লিভার আরও বড় আকারে ছড়িয়ে পড়বে। সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের ওপর জোর দেন তাঁরা।
এ ধরনের আয়োজন ফ্যাটি লিভার নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





