সিলেট: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
শনিবার (৬ জুন) সকালে নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিতে ‘এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করুন’, ‘তিন দিনের বেশি পানি জমতে দেবেন না’, ‘মশারি ব্যবহার করুন’সহ বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিদ্ধার্থ পাল, প্রফেসর ডা. মোহাইমিন সোহেল, ডা. মুর্শেদ আফরোজ লুবনা, ডেপুটি ডিরেক্টর ডা. তাফহিম আহমেদ রিফাতসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, সচেতনতাই সবচেয়ে বড় প্রতিরোধক। বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহারের ওপর সবাইকে বিশেষ নজর দিতে হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত রাখা হবে।
বর্তমানে সিলেটসহ সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় চিকিৎসকরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।





