সুরমা টাইমস ডেস্কঃ তৃণমূল থেকে দক্ষ সাঁতারু তৈরির লক্ষ্যে সিলেট জেলায় শুরু হয়েছে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিলেট এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৪ জুন) মাছিমপুরস্থ বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স সুইমিং পুলে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের জন্য সাঁতার অত্যন্ত চমৎকার একটি ব্যায়াম। নদীমাতৃক বাংলাদেশে সাঁতার শুধু একটি খেলা নয়, এটি জীবন বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। আমরা তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে তাদের দক্ষ করে গড়ে তুলতে চাই। এই মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে সিলেটের খুদে সাঁতারুরা নিজেদের ঝালিয়ে নিয়ে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিলেটের সুনাম বয়ে আনবে।”
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, সৈয়দ হাতিম আলী হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ, সফির উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক আব্দুল কাদির, হযরত শাহ্ পরান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রমীলা কোচ তানিয়া আহমেদ, প্রশিক্ষক টিটু আহমেদসহ অনেকে।
প্রশিক্ষণ কর্মসূচিতে সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগ্রহী কিশোর-কিশোরীরা অংশ নিচ্ছে। আয়োজকরা আশা করছেন, এই ধরনের উদ্যোগ সিলেটে সাঁতারের ভিত্তিকে আরও মজবুত করবে।
**বিজ্ঞপ্তি**





