সিলেটে খুদে ফুটবলার ও অ্যাথলেটদের প্রতিভা বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায়, জেলা ক্রীড়া অফিস সিলেটের আয়োজন এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ‘অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সিলেট জেলা স্টেডিয়ামে এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো: নূর হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া পরিদপ্তরের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো তৃণমূলের প্রতিভাকে পরিচর্যা করা। এই মাসব্যাপী ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ কোচরা খেলোয়াড়দের টেকনিক্যাল স্কিল, শৃঙ্খলা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবেন। তিনি খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান, প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে, মনোযোগ দিয়ে কোচের নির্দেশনা শুনতে এবং নিজেদের সেরাটা উজাড় করে দিতে।
তিনি আরও বলেন, তোমরাই আগামী দিনে দেশের জার্সিতে মাঠ কাঁপাবে এবং সিলেটের নাম উজ্জ্বল করবে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, কোষাধ্যক্ষ রুবেল আহমদ নান্নু, বিভাগীয় ফুটবল কোচ ও গোল্ডেন বয় খ্যাত ফুটবল খেলোয়াড় সাহাজ উদ্দিন টিপু, সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ মহসিন আলী, ফুটবল কোচ কামরুল ইসলাম, ফুটবল কোচ হাবিবুর রহমান রিপন, খালেদ আহমদ প্রমুখ।
এই প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে সিলেটের তরুণ ফুটবলার ও অ্যাথলেটদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ প্রতিভা তৈরির লক্ষ্যে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি





